সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-কে কুরআন-সুন্নাহর সুস্পষ্ট লঙ্ঘন ও শরিয়াহবিরোধী বলে মন্তব্য করেছেন মুফতি শামসুদ্দোহা।
সোমবার (৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মুফতি শামসুদ্দোহা বলেন, বিলটির কয়েকটি বিধান ইসলামী শরিয়াহর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো আইন প্রণয়ন বা কার্যকর করা গ্রহণযোগ্য নয়।
তিনি আইনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান। একই সঙ্গে শরিয়াহবিরোধী বিষয়গুলো পুনর্বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এ সম্পত্তি দানের পরও দাতা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিলটি কুরআন-সুন্নাহবিরোধী দাবি করে সংসদে এর বিরোধিতা করে বিরোধী দল। তবে তাদের আপত্তি নাকচের পর বিলটি পাস হয়।







