সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে ঘটনার যোগসূত্রের ক্লু পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা করছে না। অন্য একটি সংস্থা মামলাটির তদন্ত করছে।
চিফ প্রসিকিউটর বলেন, তদন্তের সময় অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য বা ক্লু পাওয়া অস্বাভাবিক নয়। সাগর-রুনি হত্যা মামলার ক্ষেত্রেও এমন তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট ব্যক্তির ওপর নজরদারি রয়েছে এবং তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি বলেন, আরও তদন্তের পর নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা মামলার তদন্তকারী সংস্থা পিবিআইকে দেওয়া হবে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ সময়েও মামলাটির তদন্ত শেষ হয়নি।
সাগর-রুনি হত্যা মামলার বিচারিক এখতিয়ার প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, এটি একটি ‘ইনডিভিজুয়াল মার্ডার কেস’। তাই মামলাটির বিচার সংশ্লিষ্ট দায়রা আদালতে হবে; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর বিচার হওয়ার সুযোগ নেই।







