শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানায় সংগঠনটি। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় তারা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।
ছাত্রশিবিরের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের সিনেটকে কার্যকর ও নিয়মিত করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী আবাসন সংকটের কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিক্ষার্থীদের আবাসন সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে শতভাগ আবাসন নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় আবাসিক হল নির্মাণ, বিদ্যমান হলগুলোর আসনসংখ্যা বৃদ্ধি এবং আবাসন সুবিধার মানোন্নয়ন করতে হবে।
তিনি বলেন, আবাসিক হলে আসন না পাওয়া শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবাসন ভাতা চালু করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারকে পূর্ণাঙ্গ ও আধুনিক চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করতে হবে। পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় জনবল নিয়োগের পাশাপাশি জরুরি চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
সিনেট কার্যকর করার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধিবিধান অনুযায়ী সিনেটকে কার্যকর ও নিয়মিত সক্রিয় করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণ, জবাবদিহি ও প্রশাসনিক কার্যক্রমে সিনেটের ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত সিনেট অধিবেশনের আয়োজন করতে হবে।
রাকসু নির্বাচন প্রসঙ্গে মুজাহিদ ফয়সাল বলেন, রাকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পরবর্তী রাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল দ্রুত ঘোষণা করতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলন শেষে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম।







