শাকসু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ) নির্বাচন স্থগিতের প্রতিবাদে ও অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের দাবিতে পাবনায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর ও জেলা শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার এডওয়ার্ড কলেজের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীণাবানী হল মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে বিক্ষোভ মিছিল শেষ হয়।
শহর শিবিরের সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম হাবিবুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা। পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রকাশনা সম্পাদক ও শহর শাখার সাবেক সভাপতি ফিরোজ হোসেন, জেলা শিবিরের সেক্রেটারি রাকিবুল ইসলামসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
হাফেজ আবু মুসা বলেন একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাকসু নির্বাচন স্থগিত করে ছাত্রসমাজকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এ ধরনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে শাকসু নির্বাচন বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায়ে বিলম্ব হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
তিনি আরো বলেন দেড় সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরাচার, চাঁদাবাজ ও জালেমকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না, অথচ একটি দল নতুন করে সেই স্বপ্ন দেখছে। ৫ আগস্টের পর থেকে ইসলামী ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের মনিকোঠায় অবস্থান করছে—ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচনই তার প্রমাণ।
সভাপতির বক্তব্যে গোলাম রহমান বলেন ,সাধারণ শিক্ষার্থীদের মৌলিক অধিকার হলো যোগ্যতা অনুযায়ী চাকরিতে যাওয়া। কিন্তু একটি রাজনৈতিক সংগঠন গণভোটের না এর পক্ষে অবস্থান করছে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই না ভোটের পক্ষে যাদের অবস্থান তারা কখনোই বাংলাদেশ পন্থী হতে পারে না। আমাদের পাবলিক সার্ভিস কমিশনকে একটি কুচক্রী রাজনৈতিক মহল তাদের থাবার মধ্যে রাখতে চায়, যেটা সাধারণ জনগণের টাকায় চলে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণেরা দেখিয়ে দিবে ন্যায় এবং ইনসাফের প্রতীককে জয়যুক্ত করে। শাকসুর ছাত্রসংসদ নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে খেলায় আসতে চায়না।
জেলা সভাপতি মুন্নাফ হোসেন বলেন, বন্ধুসংগঠন যখন কোথাও জিততে পারছে না, তখন চাঁদাবাজ ও টোকাই বাহিনী ভাড়া করে শাকসু নির্বাচন বানচাল করেছে। বিএনপি পন্থী শিক্ষক ও নেতাদের এই ভূমিকা শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক, আর অভ্যন্তরীণ ক্রন্দল কারণে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার না হওয়া চরম ব্যর্থতা। তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, লীগের ও ভারতের সুরে কথা বলে জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না—এটা শহীদ জাহিদ ও শহীদ নিলয়ের বাংলাদেশ। প্রোপাগান্ডা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। কোনো টালবাহানা নয়, শাকসু নির্বাচন দিতেই হবে—এটা সারাদেশের শিক্ষার্থীদের প্রাণের দাবি। ইসলামী ছাত্রশিবির আগামীতেও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকবে ইনশাআল্লাহ।







