লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সেই স্থগিত আদেশ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন।
আজ সোমবার বিকেলে আদিতমারী উপজেলা বিএনপি'র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সেই স্থগিত আদেশ বাতিলের দাবি জানানো হয়।
স্থগিত হওয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমিনুর রহমান মমিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ২০ আগস্ট ২১ সদস্য বিশিষ্ট আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে লালমনিরহাট জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদেকুল ইসলাম পাভেল ও সম্পাদক জাহাঙ্গীর খান স্বাক্ষরীত এ আহবায়ক কমিটি ঘোষনার এক/দেড় ঘন্টা পরেই কেন্দ্রীয় ছাত্রদল তা স্থগিত ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কোন ব্যক্তিগত স্বার্থ, মতপার্থক্য কিংবা বিভ্রান্তিকর তথ্যের কারণে তৃণমুলের একটি সাংগঠনিক সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত থাকা উচিৎ নয়। বিষয়টি তদন্ত করে স্থগিত আদেশ বাতিল করে সংগঠনকে গতিশীল করার দাবি জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমিন বলেন, গত ২০২০ সালের পর থেকে টানা ৬ বছরে দুই বার উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা ও মেয়াদ পুর্ন করলেও নিয়মিত কমিটি পায়নি উপজেলা ছাত্রদল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থগিত হওয়া ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ইফফাত আল মুজাহিদসহ কমিটির সদস্যরা।







