আজ ভোট কাল শপথ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

Post Image

দীর্ঘ প্রায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো দেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ৩৪৯ জন ভোটার (সংসদ সদস্য)। এই নির্বাচনে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বশেষ ১৯৯১ সালে এই পদে ভোট হয়েছিল। সেবারও ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস বিজয়ী হয়েছিলেন। বাকি সবসময় ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই। তাই প্রতিদ্বন্দ্বিতা হলেও বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী হচ্ছেন। সংসদ সদস্য হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে স্বয়ংক্রিয়ভাবে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। একই সঙ্গে মন্ত্রী পদ থেকেও পদত্যাগ হবে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে এমপি না হওয়ায় ভোট দিতে পারবেন না ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ। সংসদ কক্ষেও যেতে পারবেন না তিনি।

রাষ্ট্রপতির ভোটকে ঐতিহাসিক উল্লেখ করে তা সুচারুরূপে পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই।

সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা। ভোট দেওয়ার চারটি বাক্স রাখা হয়েছে। নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্যে ভোট দেবেন উল্লেখ করে সিইসি বলেন, ব্যালটে ভোটারের নাম ও কাকে ভোট দিয়েছেন তা উল্লেখ থাকবে।

সূত্র জানা গেছে, সংসদ কক্ষে স্পিকারের আসনের সামনে নির্ধারিত আসনে বসবেন নির্বাচন কর্মকর্তা (সিইসি), তিন নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশন সচিব ও সংসদ সচিবালয় সচিব। এমপিরা নিজ নিজ আসনে বসবেন। নির্বাচনে সহায়তার জন্য কমিশন থেকে ২০ জনের তালিকা সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বুধবার বিকেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে শাসকদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেন, সংসদীয় দলের সভায় সব সংসদ সদস্যের কাছে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চেয়েছি এবং বলেছি যে, সবাই আমরা দেড়টার মধ্যে এখানে উপস্থিত হবো। নির্বাচন কমিশন এবং সংসদ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন শুরু হওয়ার পাঁচ মিনিট আগে থেকে আমাদের লাইভ টেলিকাস্ট হবে এবং রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মির্জা ফখরুল ইসলামের ভোট দেওয়া লাইভ দেখাব। অন্য সব রেকর্ড করা হবে। আবার নির্বাচন শেষ হওয়ার পাঁচ মিনিট আগে আমরা লাইভ শুরু করব। আবার নির্বাচনের ফল লাইভে দেখাব।

নূরুল ইসলাম মনি বলেন, ১৯৯১ সালের পর এবার আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হচ্ছে। এ নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে সরকার। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেন, জনগণও তা প্রত্যক্ষ করার সুযোগ পাবে।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার সংসদ সদস্যরা। সংসদের ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ৩৪৯ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী করা হয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ১৭৫ ভোট। বিএনপি জোটের ২৫০ জনের মতো ভোটার রয়েছেন।

অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে থাকায় ভোট দিতে পারবেন না বলে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। চিঠি দেওয়ার বিষয়টি জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি নিশ্চিত করেছেন।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কালবেলাকে বলেন, জামায়াতে ইসলামী থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। তারপরও আমার ভোট দেওয়ার সুযোগ রয়েছে। আমি ভোট দিতে যাব কি না, কাকে ভোট দেব—এখনো সিদ্ধান্ত নিইনি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।

দলীয় সংসদ সদস্য না হওয়ায় আট স্বতন্ত্র এমপি দুই প্রার্থীর যে কাউকে ভোট দিতে পারবেন। এরই মধ্যে বিএনপির প্রার্থীর জন্য স্বতন্ত্র এমপিদের কাছে ভোট চাওয়া হয়েছে বলে জানা গেছে।

ভোট দেওয়ার বিষয়ে ইসি জানায়, দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে সংসদ কক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ করে ভোট দিতে হবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ হবে। সংসদ কক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় কর্তৃক সরবরাহকৃত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। সংসদ কক্ষে নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নিজ নাম ও বিভক্তি সংখ্যা মুদ্রিত ব্যালট পেপার পাওয়ার পর ব্যালট পেপারের কাউন্টার ফয়েল বা চেকমুড়িতে ভোটারের স্বাক্ষরের জন্য নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে তা সহায়তাকারী কর্মকর্তাকে ফেরত দিতে হবে।

ব্যালটের আউটার ফয়েল বা ব্যালট অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নির্দিষ্ট ফাঁকা স্থানে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে। ভোট দেওয়া ব্যালটটি সংসদ কক্ষে সংরক্ষিত ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখতে হবে। কোনো কারণে সরবরাহকৃত ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে ব্যালট বাক্সের অভ্যন্তরে রাখার আগে সেটি নিয়ে নির্বাচনী কর্তার কাছে উপস্থাপন করতে হবে। নির্বাচন কর্মকর্তা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করলে ৬ আগস্ট শূন্য পদে নির্বাচনের তপশিল ঘোষণা করে ইসি।

এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল গতকাল বুধবার দুপুরে জানান, বাংলাদেশে বর্তমানে প্রচলিত রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা আবেদনও খারিজ করা হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট হাইকোর্টে খারিজের পর এবার আপিল বিভাগে আবেদন করেছেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।




এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আজ ভোট কাল শপথ, বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

কলকাতা ও লন্ডনে ১০ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গ্রামীণ ব্যাংকের সাবেক ৩ কর্মকর্তার ৩০ বছর কারাদণ্ড

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল

দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনারের যোগদান

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

জুলাই সনদ বাতিল চেয়ে রিটের শুনানি ১ মার্চ

প্রয়োজনে শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ানো হবে : ববি হাজ্জাজ

জমিয়তকে ৪টি আসন ছাড় দিল বিএনপি

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা

তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু