নবম জাতীয় পে-স্কেল নিয়ে সচিব কমিটির শেষ বৈঠক গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনটি পৃথক কমিশনের সুপারিশের ওপর নিজেদের সিদ্ধান্ত জানিয়েছেন কমিটির সদস্যরা। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সচিব কমিটির বৈঠক সূত্রে জানা গেছে, সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। তবে এটি সব গ্রেডের জন্য একই হারে বৃদ্ধি পাবে না। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে শতভাগ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এছাড়া দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশ করেছে সচিব কমিটি। এর মধ্যে প্রথম ধাপে মূল বেতন, আর দ্বিতীয় ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে সচিব কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোয় গ্রেড ভেদে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। পে-স্কেল নিয়ে মন্ত্রিপরিষদ পর্যায়ের কমিটি এখন এ সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
ওই কর্মকর্তা আরও বলেন, জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের প্রতিবেদনগুলো যাচাই-বাছাই করে সবার বিষয়েই সুপারিশ করা হয়েছে। এর পরও কেন নতুন দুটি কমিটি গঠন করা হয়েছে, তা আমি বুঝতে পারছি না।’







