জুলাই আন্দোলনে অন্য যে কোনো রাজনৈতিক দলের তুলনায় সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা ছাত্রদল আজ চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। একই সঙ্গে তিনি বলেন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে ছাত্রদল জনসেবামূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
আজ বুধবার রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, আজকের ছাত্রদল একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ১৭ বছর ধরে সংগঠনটির নেতাকর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, অনেকে আহত হয়েছেন, আবার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগ ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেক পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
ডিএনসিসি প্রশাসক বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে হত্যার শিকার হয়েছেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা সে মাত্রায় প্রাণ হারাননি। তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার স্মৃতিকে অম্লান রাখতেই শহীদ ওয়াসিম আকরাম চত্বর উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানার সুযোগ পাবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, ছাত্রদল সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে।







