নিবন্ধন পেল শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাপোস্ট ডটকম। সোমবার (২০ জুলাই) তথ্য অধিদপ্তর পোর্টালটিকে নিবন্ধন সনদ দেয়।
এর আগে সরকারি সংস্থার যাচাই-বাছাই শেষে বাংলাপোস্টকে নিবন্ধন দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য অধিদপ্তরের কাছে চিঠি পাঠানো হয়।
এ বিষয়ে বাংলাপোস্টের সম্পাদক মাসউদুল হক বলেন, ‘অনলাইন নিউজ পোর্টাল হিসেবে সরকারি নিবন্ধন পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের একটি মাইলফলক। অল্প সময়ের মধ্যেই পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছি, যা আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’
তিনি আরও বলেন, ‘এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নির্ভুল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি পাঠকের বিশ্বাস অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
নির্ভীক অনুসন্ধানী সাংবাদিকতার অঙ্গীকার আর আধুনিক প্রযুক্তির সর্বাধিক ব্যবহার করে বাংলাপোস্ট ২০২৪ সালের ২৭ এপ্রিল পরীক্ষামূলক যাত্রা শুরু করে।







