সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সরকার বলেছে, এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরো বাড়াতে পারে, শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করে।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন (ইউএনক্লস) অনুযায়ী আন্তর্জাতিক সমুদ্রপথে, বিশেষ করে লোহিত সাগরে, অবাধ ও আইনসম্মত নৌ চলাচলের পক্ষে বাংলাদেশ দৃঢ়ভাবে সমর্থন জানায়।
এতে আরো বলা হয়, লোহিত সাগর বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। সেখানে যেকোনো ধরনের বিঘ্ন বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে।
তাই সব নাবিক এবং পণ্য পরিবহনের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থেকে কূটনৈতিক সংলাপে যুক্ত হওয়ারও আহ্বান জানানো হয়েছে।







