জুলাই আন্দোলনের প্রতিটি শহীদ পরিবারের জন্য ন্যূনতম ১ কোটি টাকা দেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব দাবিগুলো তুলে ধরেন।
আরিফুল ইসলাম আদীব বলেন, ‘প্রথমত, প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটগুলোর আশপাশে থাকা চিকিৎসকদের সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশন করতে হবে।’ কলেজভর্তির গাইড
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
দোয়া পরিচালনা করেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান।







