বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সাবেক শিবির নেতা সাদিক কায়েমের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, সেন্ট্রাল মসজিদে এসি স্থাপন ও সংস্কার প্রকল্প এবং প্রায় দুই ডজন প্রকল্প আটকে রাখাসহ প্রশাসনের ‘অসহযোগিতায়’ জামায়াত আমির উদ্বেগ প্রকাশ করেছেন।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে সাদিক কায়েম জানান।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “দেশের জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। সাক্ষাৎকালে আমি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা তুলে ধরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা বাঁচানোর দাবিতে সোচ্চার ভূমিকার জন্য ধন্যবাদ জানাই।”
তিনি বলেন, “পাশাপাশি চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের দুর্দশা স্বচক্ষে দেখে কাজ করার উদ্যোগের জন্য বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়েছি।”
ডাকসু ভিপি বলেন, “এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর গৃহীত প্রজেক্টগুলোর খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের কল্যাণে জাতীয় দায়িত্ব পালনে অব্যাহত প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।”
শিবিরের সাবেক এই নেতা আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, সেন্ট্রাল মসজিদে এসি স্থাপন ও সংস্কার প্রকল্প, কার্জনসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যান্টিন চালুর উদ্যোগ এবং প্রায় দুই ডজন প্রকল্প আটকে রাখা সহ প্রশাসনের সার্বিক অসহযোগিতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না রাখায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন।”
ভিপি সাদিক কায়েম বলেন, “ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ রক্ষা ও বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।”







