নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে শুধু একটি দলের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল। সেই দলটির নাম নরওয়ে।
স্ক্যান্ডিনেভিয়ান এই দেশটির বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। হেরেছে দুটিতে, ড্র হয়েছে অন্য দুই ম্যাচ। দুই হারের একটি আবার বিশ্বকাপে! ১৯৯৮ আসরের গ্রুপ পর্বে দুঙ্গা-রোনালদো-বেবেতোর ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছিল নরওয়ে।
সেই নরওয়েকে এবারের বিশ্বকাপেও পেয়েছে ব্রাজিল। আগামী রবিবার (৫ জুলাই) রাতে নিউ জার্সিতে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
ব্রাজিলের বিপক্ষে অতীতের রেকর্ড মনে করে নরওয়ের এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা। তা ছাড়া আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথ, আন্তোনিও নুসাদের নিয়ে গড়া এবারের দলটিকে বলা হচ্ছে নরওয়ের সোনালি প্রজন্ম। কিন্তু খোদ হালান্ডই ব্রাজিলের বিপক্ষে তার দলের জয়ের খুব একটা সম্ভাবনা দেখেন না।
কাল রাতে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো পর্বে ওঠার পর এই তারকা স্ট্রাইকার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ‘ওদের (ব্রাজিলের) বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে চ্যালেঞ্জটা নিতেই হবে।
নিজের অভিষেক বিশ্বকাপে এরই মধ্যে ৫ গোল করে ফেলা হালান্ড আরো বলেছেন, ‘এখন আমরা শেষ ষোলোতে উঠেছি। এখানে সব দলই খুব শক্তিশালী। কোনো ম্যাচই সহজ হবে না।
(ব্রাজিলকে হারিয়ে) পরের ধাপে ওঠা কঠিন হবে। আমরা পারব কি না, জানি না। তবে আমরা খেলতে প্রস্তুত।







