যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সেই করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এর আওতায় অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেবে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একথা জানান।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে শেহবাজ শরিফ বলেন, ‘এই স্মারকলিপিটি উভয় দেশের প্রেসিডেন্ট সই করেছেন। মধ্যস্থতাকারী হিসেবে আমিও এটি অনুমোদন করেছি। নিজ নিজ সরকারের সর্বোচ্চ পর্যায়ে এই চুক্তি স্বাক্ষর সংঘাতের কূটনৈতিক সমাধানে উভয় পক্ষের অঙ্গীকারের প্রমাণ দেয়।’
তিনি বলেন, এ সমঝোতা স্মারক অবিলম্বে কার্যকর হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে ইরান তাৎক্ষণিকভাবে হরমুজ প্রণালি খুলে দেবে এবং যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ তুলে নেবে।
শেহবাজ শরিফ নিশ্চিত করেন, কাতারের সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে একটি অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। ঐতিহাসিক এ ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।







