খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করতে পারেননি ফাতেমা তুজ জোহরা। বাংলাদেশের হয়ে নারী ক্রিকেটারের ক্যারিয়ার থামে ৩ ম্যাচেই।
খেলোয়াড়ি ক্যারিয়ার দ্রুত শেষ হলেও ক্রিকেটের সঙ্গে পথচলা থামিয়ে দেননি তিনি। যুক্ত হন কোচিং পেশায়। সেখানে সাফল্যেই পাচ্ছেন ফাতেমা। সেই ধারাবাহিকতায় এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হয়েছেন তিনি।
কোচ হওয়ার বিষয়টি দৈনিক কালের কণ্ঠকে নিজেই নিশ্চিত করেছেন এই ব্যাটার।
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফাতেমা কোচিং ক্যারিয়ারের শুরুটা করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দিয়ে। পরে ২০১১ সালে নারী জাতীয় দলের সহকারী কোচ হিসেবে যোগ দেন। ২০১৭ সালে দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচের দায়িত্বও পালন করেন তিনি।
দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে কাজ শুরু করেন ফাতেমা। শুরুটা হয় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজের মাধ্যমে। ২০২২ সালে মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেন তিনি। ২ বছর তাদের হয়ে কাজ করার পর চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচের দায়িত্ব নেন তিনি।







