রাজধানীর কাওরান বাজার

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

Post Image


রাজনৈতিক পট পরিবর্তন হয়, রাজপথের স্লোগান বদলায়; কিন্তু রাজধানীর কাওরান বাজারের চাঁদাবাজি বদলায় না। শুধু টাকার অঙ্ক বাড়ে আর ক্যাশিয়ারের চেহারা পরিবর্তন হয়। প্রায় চার দশক আগে পেশিশক্তির জোরে শুরু হওয়া এই চাঁদাবাজি ২০২৬ সালে এসে রূপ নিয়েছে একটি সুনিপুণ, প্রাতিষ্ঠানিক এবং প্রযুক্তিনির্ভর অপরাধচক্রে। ৩০ বছর আগে নব্বইয়ের দশকের শুরুতে যেখানে ট্রাকপ্রতি চাঁদার হার ছিল ২০ থেকে ৫০ টাকা, বর্তমানে সেখানে প্রতিদিন কয়েক কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি কাওরান বাজারের চাঁদাবাজির বিষয়টি নতুন করে সামনে এসেছে সরকারি দল ও বিরোধী দলের দুই সংসদ-সদস্যের প্রকাশ্য বাহাসে। রাজধানীতে আয়োজিত বাজেটবিষয়ক এক সেমিনারে ঢাকা-১২ আসনের সংসদ-সদস্য (এমপি) সাইফুল আলম খান মিলন দাবি করেন, তার নির্বাচনি এলাকার অন্তর্ভুক্ত কাওরান বাজারে প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকার চাঁদাবাজি হয়। তিনি অভিযোগ করেন, "আগের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই চাঁদাবাজিতে জড়িত ছিলেন। বর্তমানেও সরকারি দল চাঁদাবাজি করছে।"

এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য মাহমুদা হাবীবা বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নাম-পরিচয়সহ তালিকা নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত। টকশো বা গোলটেবিলে বসে অভিযোগ করলেই হবে না।" জবাবে সাইফুল আলম দাবি করেন, সরকারি দলের লোকদের বিরুদ্ধে পুলিশ চাঁদাবাজির মামলা নিতে চায় না।

চাঁদাবাজির এই পরিস্থিতি বর্তমানে এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে, স্থানীয় সংসদ-সদস্য সাইফুল আলম খান মিলন নিজেই খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, "কাওরান বাজারে কাঁচা টাকা নিয়ে প্রতিনিয়ত মারামারি ও খুনখারাবি হচ্ছে। যেখানে কিছুদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির খুন হয়েছেন, সেখানে আমাকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা করছি।"

এই বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ একাধিক প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবেন বলে জানিয়েছেন।

অনুসন্ধানে জানা যায়, এরশাদ সরকারের আমলে ‘কুলি খরচ’ বা ‘রাতের পাহারাদার’দের বেতনের নামে নামমাত্র চাঁদা দিয়ে এর গোড়াপত্তন হয়। নব্বইয়ের দশকে তা রাজনৈতিক রূপ নেয় এবং শেষভাগে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের নজরে পড়ে কাওরান বাজার। তখন চিরকুট পাঠিয়ে কোটি টাকার ‘আন্ডারওয়ার্ল্ড ট্যাক্স’ দাবি করা হতো।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চাঁদাবাজির নিয়ন্ত্রণকারী দল ও ব্যানারের পরিবর্তন ঘটলেও কমেনি এর তীব্রতা। পর্দার আড়ালের ‘বড় ভাইদের’ নিয়োজিত ক্যাশিয়াররা এখন ডিজিটাল ওয়ালেট (বিকাশ/নগদ) অথবা নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করে চাঁদার টাকা সংগ্রহ করে।

বাজারের এক আড়তদার দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা এরশাদ আমল দেখেছি, বিএনপি-আওয়ামী লীগ দেখেছি, অন্তর্বর্তী সরকারও দেখছি। আমাদের কপাল বদলায়নি। টাকা না দিলে আড়তের সামনে ময়লা ফেলে রাখা হয়, মাল নামাতে দেওয়া হয় না। সব দলের কাছেই এটা সোনার ডিম পাড়া হাঁস।"

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশে ব্যাপক হারে চাঁদাবাজি শুরু হলেও সরকার এটি বন্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। সরকারের উচ্চ মহলের নীরবতার কারণে চাঁদাবাজরা এক ধরনের লাইসেন্স পেয়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, কাওরান বাজারসহ পুরো রাজধানীর চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অপরাধীদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে এবং বাজার এলাকাকে বিশেষ নজরদারির (ব্লক রেইড) আওতায় আনা হয়েছে। চাঁদাবাজদের গ্রেফতারের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

‘আমি কে তুমি কে, পোল্ট্রি পোল্ট্রি’- স্লোগানে সায়েন্সল্যাব অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অচল ঢাকার একাংশ

১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

ট্রাম্পের পা ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে ৭২ হাজার ভবন

সর্বাধিক পঠিত

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

সোমবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে

রাজধানীতে চাঁদা না দেওয়ায় নির্মাণ প্রতিষ্ঠানের ম্যানেজারকে গুলি

চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো, সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

চাঁদামুক্ত করতে চাওয়ায় বিএনপির ওয়ার্ড নেতাকে গুলি

সিরাজগঞ্জে ভোটকেন্দ্রে কন্যাশিশুর জন্ম, নাম রাখা হলো খালেদা

রুমমেটকে হত্যার পর ৭ টুকরা, শাহিনের দায় স্বীকার

এবার ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর প্রস্তাব

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি