দেশে রাজনৈতিক দখলদারি ও চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল। এখন মানুষ বলে চাঁদাবাজি দল। বিএনপির সমালোচনা করে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শনিবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘যে ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না হলে বাংলাদেশের সুশাসন নিশ্চিত করা অসম্ভব, সেগুলো তারা (বিএনপি) ফেলে দিয়েছে। এগুলা যদি তারা বাস্তবায়ন না করে, আমি কথা দিচ্ছি, আমাদের আন্দোলন চলবে সংসদে—একই সঙ্গে রাজপথেও।
জনগণকে পাহারাদার হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এই দেশ ২০ কোটি মানুষের। আমাদের সবাইকে একজন সাচ্চা পাহারাদার হয়ে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে হবে। কেউ আমার এই অধিকার দয়া করে, আমার পকেটে এনে দেবে না, লড়াই করে অধিকার আদায় করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না। ভয় দেখাবেন না; যাদের নেতারা হাসতে হাসতে ফাঁসির তক্তার ওপরে দাঁড়াতে পারে, তাদের কোনো কিছুর ভয় দেখাবেন না। আমাদের নেতৃবৃন্দ জনগণের মুক্তির রাস্তা রচনা করে গিয়েছেন।
তিনি আরো বলেন, প্রতিবেশীকে (ভারত) আমরা সম্মান করি। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক।







