যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠকের আগে হঠাৎ করেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। ফলে সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সেই সফর বাতিল করা হয়েছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে। মূলত এই মাসে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদে যাওয়ার কথা ছিল ভ্যান্সের।
বুধবার (২২ এপ্রিল) সেখানে পৌঁছে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করবেন বলে আশা করা হচ্ছিল। যুক্তরাষ্ট্র প্রশাসনের এক কর্মকর্তা বিবিসির মার্কিন অংশীদার সিবিএসের কাছে বলেছেন, ‘সরাসরি বৈঠক সংক্রান্ত পরবর্তী কোনও আপডেট হলে তা হোয়াইট হাউস থেকেই জানানো হবে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার পরপরই এই সফর বাতিল করা হয়।
এদিকে এর আগে বার্তাসংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের পক্ষ থেকে একটি ‘প্রস্তাব’ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সফরটি আর হচ্ছে না।
মঙ্গলবার ট্রাম্প বলেন, পাকিস্তানি কর্মকর্তাদের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে, যাতে তেহরান একটি সমন্বিত প্রস্তাব প্রস্তুত করার সময় পায়।
এই ঘোষণার সময়ই ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে যাওয়ার কথা ছিল এবং সেখানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার মুখোমুখি আলোচনা হওয়ার কথা ছিল। তবে হোয়াইট হাউসে অতিরিক্ত নীতিগত বৈঠকের কারণে সফরটি বিলম্বিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
এর আগে ঘোষণা করা যুদ্ধবিরতির মেয়াদ বুধবার শেষ হওয়ার কথা ছিল। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পরে খবর প্রকাশিত হয়।







