ক্রুড অয়েল শেষ, ডেড স্টকেই ভরসা

Post Image

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে সৃষ্ট সংকটে দেশে অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) আমদানি কার্যত থমকে গেছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ওপর। কাঁচামালের অভাবে প্রতিষ্ঠানটির প্রধান উৎপাদন ইউনিট ‘ক্রুড অয়েল ডিস্টিলেশন’ গত রবিবার থেকে বন্ধ হয়ে গেছে। বর্তমানে ট্যাংকারে জমে থাকা তলানির তেল বা ‘ডেড স্টক’ দিয়ে কোনো মতে কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে।

এদিকে কাঁচামালের অভাবে দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে এলেও সরকার তা নাকচ করে দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শোধনাগারটি পুরোপুরি বন্ধ হয়নি বরং লো-ফিড বা সীমিত উৎপাদনে সচল রয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত ক্রুড অয়েলের চালান সময়মতো পৌঁছাতে না পারায় ইআরএলকে সীমিত পরিসরে চালু রাখা হয়েছে।

তবে একই সঙ্গে সরকার পরিশোধিত জ্বালানি তেলের আমদানি নিশ্চিত করছে এবং বিকল্প উৎস থেকেও সরাসরি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয়।’

মনির হোসেন চৌধুরী বলেন, ‘তবে চলমান বৈশ্বিক পরিস্থিতিতে ক্রুড অয়েল স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিশ্চিত করা হচ্ছে বিধায় লো-ফিডে ইআরএল চালু থাকলেও এর কোনো বিরূপ প্রভাব সরবরাহ চ্যানেলে পড়বে না। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, ‘দেশের মূল জ্বালানি তেল ডিজেলের মাত্র ১৫ শতাংশ এবং পেট্রলের ১১ শতাংশ ইআরএল থেকে পাওয়া যায়।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অপরিশোধিত তেল আমদানি ব্যাহত হলেও সরকার পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত তেল আমদানি করে একদিকে ইআরএল থেকে প্রাপ্ত তেলের ঘাটতি যথাযথভাবে পূরণ করছে, অন্যদিকে সীমিত পর্যায়ে ইআরএলের উৎপাদনও অব্যাহত রেখেছে। বর্তমানে এই শোধনাগারের চারটি ইউনিটের মধ্যে দুটি সচল আছে এবং বাকি দুটি রক্ষণাবেক্ষণ কাজে বন্ধ রয়েছে।’

ব্রিফিংয়ে আরো জানানো হয়, ইআরএল মূলত সৌদি আরবের অ্যারাবিয়ান লাইট ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড আমদানি করে পরিশোধন করে। বছরে প্রায় ১৫ লাখ টন জ্বালানি তেল পরিশোধন করে দেশের মোট চাহিদার প্রায় ২০ শতাংশ সরবরাহ করে।

দেশে বছরে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে।

এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করে ইআরএলে পরিশোধন করা হয়, যা থেকে ডিজেল, পেট্রল, অকটেনসহ ১৬ ধরনের জ্বালানি পণ্য পাওয়া যায়। মে মাসের প্রথম সপ্তাহে ক্রুড অয়েলের নতুন চালান দেশে পৌঁছালে আবারও শোধনাগারটি পূর্ণ শক্তিতে ফিরবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বিপিসি সূত্রে জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে অপরিশোধিত তেলবাহী জাহাজ আসতে পারছে না। গত দেড় মাসে দেশে কোনো ক্রুড অয়েলের চালান আসেনি। ফলে বার্ষিক ১৫ লাখ টন তেল শোধন ক্ষমতাসম্পন্ন এই রিফাইনারিটি বর্তমানে সংকটে রয়েছে।

ইআরএল সূত্র জানায়, শোধনাগারটিতে দৈনিক গড়ে সাড়ে চার হাজার টন তেল পরিশোধন করা হলেও কাঁচামাল সংকটে গত মাস থেকে তা তিন হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। বর্তমানে মূল ইউনিট বন্ধ থাকলেও বাকি চারটি ইউনিট (বিটুমিন প্লান্ট, ভিসব্রেকার, ক্যাটালাইটিক রিফর্মিং ও কনডেনসেট ফ্র্যাকশনেশন) আংশিক চালু রয়েছে। এগুলো দিয়ে সীমিত পরিসরে পেট্রল ও অকটেন উৎপাদন করা হচ্ছে। তবে ডিজেল ও বিটুমিন উৎপাদন প্রায় তলানিতে ঠেকেছে।

বিপিসি ও ইআরএল কর্মকর্তারা জানান, মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে থাকা পাঁচ হাজার টন এবং পাঁচটি ট্যাংকের তলানিতে জমে থাকা প্রায় ৩৩ হাজার টন ‘ডেড স্টক’ দিয়ে বর্তমানে কাজ চালানো হচ্ছে। মে মাসের আগে নতুন চালান আসার সম্ভাবনা ক্ষীণ।

বিপিসির তথ্য মতে, সর্বশেষ গত ১৮ ফেব্রুয়ারি দেশে ক্রুড অয়েলের চালান এসেছিল। এরপর ৩ মার্চ সৌদি আরবের রাস তানুকা টার্মিনাল থেকে এক লাখ টন তেল নিয়ে একটি জাহাজের বাংলাদেশে আসার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে চুক্তিটি বাতিল করা হয়। একইভাবে আবুধাবি থেকেও এক লাখ টনের আরেকটি চালান বাতিল হয়েছে। হরমুজ প্রণালিতে অস্থিরতাই এই জাহাজ জট ও বাতিলের প্রধান কারণ।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, তেল না আসায় উৎপাদন ব্যাহত হচ্ছে ঠিকই, তবে বিকল্প উৎস থেকে পরিশোধিত তেল আমদানি বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী আরো জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ডিজেলের চাহিদা ছিল ৪৭ লাখ ৪২ হাজার মেট্রিক টন, যার বিপরীতে ইআরএল থেকে পাওয়া গেছে সাত লাখ ৩২ হাজার ২০০ মেট্রিক টন (১৫.৪৪ শতাংশ)। পেট্রল বিক্রি হয়েছিল চার লাখ ৮৯ হাজার টন। সেখানে ইআরএলের জোগান ৫৮ হাজার ৩০৯ টন বা ১১.৯২ শতাংশ। অকটেনের চাহিদা ছিল চার লাখ ৩৭ হাজার মেট্রিক টন, যার পুরোটাই আমদানি করা হয়েছে। এর বাইরে ফার্নেস অয়েল, কেরোসিন ও বিটুমিনের একটি উল্লেখযোগ্য অংশ উপজাত হিসেবে ইআরএল থেকে পাওয়া যায়।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেল আমদানিতে বিঘ্ন ঘটেছে। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধ থাকায় মার্চ ও এপ্রিল মাসের নির্ধারিত তিন লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানির যে শিডিউল সে অনুযায়ী ক্রুড অয়েল আনা সম্ভব হয়নি। মার্চ মাসের প্রথম পার্সেলের এক লাখ মেট্রিক টনের কার্গো লোড সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত কারণে হরমুজ অতিক্রম করতে পারেনি এবং বর্তমানে রাস্তানুরা বন্দরে অবস্থান করছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এদিকে এপ্রিল মাসের নির্ধারিত এক লাখ মেট্রিক টন অ্যারাবিয়ান লাইট ক্রুড অয়েলের কার্গো ২০ এপ্রিল লোডিং সম্পন্ন করে ২-৩ মের মধ্যে বিকল্প বন্দর ব্যবহার করে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আশা করা হচ্ছে। মে মাসে একটি (এক লাখ টন) মারবান কার্গোর পাশাপাশি সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত একটি (এক লাখ টন) এএলসি কার্গোর জন্য সৌদি আরামকোকে অনুরোধ করা হয়েছে, যা সরবরাহকারীর সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ রয়েছে। এ ছাড়া জরুরি চাহিদা পূরণে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক লাখ টন ক্রুড অয়েল আমদানির জন্য মন্ত্রিসভার অনুমোদন ও কার্যাদেশ জারি করা হয়েছে।

সাড়ে ৫ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার

সারা দেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত উদ্ধার করা জ্বালানি তেলের পরিমাণ পাঁচ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার। গতকাল বুধবার জ্বালানি বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে ডিজেল তিন লাখ ৬৬ হাজার এক লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার এবং পেট্রল ৮৭ হাজার ৯৫৯ লিটার। এ ছাড়া চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সময়ে মোট ৯ হাজার ১১৬টি অভিযান চালানো হয়। এসব অভিযানে তিন হাজার ৫১০টি মামলা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোট এক কোটি ৫৬ লাখ ৯ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সিঙ্গাপুর থেকে এলো আরো ৭৭ হাজার টন তেল

দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে বড় দুটি চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। গত মঙ্গলবার সকালে ও রাতে মোট ৭৭ হাজার টন জেট ফুয়েল এবং ডিজেল নিয়ে তিনটি জাহাজ বন্দরে ভিড়েছে। বর্তমানে জাহাজগুলো থেকে তেল খালাসের প্রক্রিয়া চলছে।

বিপিসি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল ৮টায় প্রথমে বন্দরে ভেড়ে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলবাহী জাহাজ ‘এমটি গ্রেট প্রিন্সেস’। ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা এই জাহাজটিতে ১১ হাজার টন জেট ফুয়েল রয়েছে। জেটিতে ভেড়ার পরপরই এটি থেকে জ্বালানি সংগ্রহের কাজ শুরু হয়।

অন্যদিকে, ওই দিন রাতে বন্দরে এসে পৌঁছায় আরো দুটি ডিজেলবাহী জাহাজ। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড সরবরাহকৃত ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল। আর সিঙ্গাপুরভিত্তিক কম্পানি ভিটল এশিয়ার সরবরাহ করা ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল। সব মিলিয়ে ৬৬ হাজার টন ডিজেল নিয়ে এই দুটি জাহাজ এখন খালাসের অপেক্ষায় রয়েছে।

বিপিসির সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, ‘তিনটি জাহাজ থেকেই এখন তেল খালাস করা হচ্ছে। এতে করে দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক থাকবে। চলতি এপ্রিল মাসে সারা দেশে ডিজেলের মোট চাহিদা রয়েছে প্রায় চার লাখ টন। অভ্যন্তরীণ এই ব্যাপক চাহিদা মেটাতে মাসজুড়ে আরো কয়েকটি বড় চালান দেশে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা ও প্রস্তুতি রয়েছে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ

ইরান-যুক্তরাষ্ট্র শিগগিরই সংলাপে বসতে রাজি: পাকিস্তান

প্রায় ৩ যুগ পর বৈঠকে বসছে ইসরাইল ও লেবানন

তুরস্কে স্কুলে গোলাগুলি, নিহত ৯

হঠাৎ চীনকে ফোনকল আরাগচির, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ক্রুড অয়েল শেষ, ডেড স্টকেই ভরসা

সর্বাধিক পঠিত

এবার আকাশসীমা বন্ধ করে দিল ইরান

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

নতুন সংঘর্ষ, পাকিস্তানের হামলায় ১২ আফগান নাগরিক নিহতের দাবি

গ্রিনল্যান্ড ইস্যুতে সিদ্ধান্ত বদলালেন ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতির মধ্যেই আন্ডারগ্রাউন্ড মিসাইল লঞ্চার উদ্ধারে কাজ করছে ইরান: সিএনএন

নির্বাচনি সফরে সিলেট যাচ্ছেন জামায়াত আমির

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত