মৌলভীবাজারের ভানুগাছ–শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় চালু হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে টেনে আনা হয়। এরপর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।
এর আগে সকাল ৬টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রাম এলাকায় চলন্ত অবস্থায় উপবন এক্সপ্রেসের ইঞ্জিন থেকে অতিরিক্ত মবিল পড়ে এবং সামান্য আগুনের সূত্রপাত হয়। মূলত ইঞ্জিনে ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ বলেন, ট্রেন ইঞ্জিনে তাৎক্ষণিক ত্রুটির ফলে দুর্ঘটনাটি ঘটে। পরে সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে শমশেরনগর রেলস্টেশনে নিয়ে আসে। এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস এক ঘণ্টা বিলম্বে চলাচল করে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে সিলেটগামী কয়েকশো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
পরে সকাল ৯টায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। এরপর সকাল ৯টায় সিলেটের সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।







