প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ মার্চ) গভীর রাতে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে লেফটেন্যান্ট জেনারেল (অব) শেখ মামুন খালেদকে আমরা ডিবি কার্যালয়ে নিয়ে এসেছি। কিছু বিষয়ে আমরা তার সঙ্গে কথা বলব। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এর আগে, গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। সে সময় দুদক তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথা জানায়।
ডিবি কর্মকর্তারা জানান, আটকের পর শেখ মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
শেখ মামুন খালেদ ২০০৭–০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো (সিআইবি)-এর পরিচালক ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন







