প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।
রোববার (২২ মার্চ) দিবাগত রাত ১২টার পর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এডমিন পোস্টে আমিনুল হক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল।
পোস্টে আরও বলা হয়, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখ থেকেই শুনেছিলেন আমিনুল হক। তিনি উল্লেখ করেন, স্কুলে থাকাকালীন চেলসির বয়সভিত্তিক দলে খেলার সুযোগ এলেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান মেয়েকে লেখাপড়ায় মনোযোগী হতে বলেছিলেন।
ফেসবুকে দেয়া ওই পোস্টে জাইমা রহমানের চেলসিতে খেলার সুযোগ নিয়ে নিজের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, জাইমা রহমান যখন মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়েছিলেন, তখন গোলকিপিং নিয়ে তাদের মধ্যে স্মৃতিচারণমূলক কথা হয়। ওইদিনের কথোপকথনের বিষয়ে আমিনুল হক বলেন, জাইমা রহমান তাকে বলেছিলেন, ‘আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।’ মূলত জাইমা স্কুল পর্যায়ে কিপিং করতেন এবং লম্বা হওয়ায় এই পজিশনে তার বিশেষ দক্ষতা ছিল।







