ঢাকায় আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় আলোচনায় উঠে এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
জানা গেছে, সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বক্তব্যের শেষাংশে তিনি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে বক্তব্য সমাপ্ত করেন। এ সময় উপস্থিত অনেকেই বিষয়টি লক্ষ্য করেন এবং পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে বলছেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রায়ই ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করতেন। এবার ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলায় সেটি আলাদা করে নজর কেড়েছে।
আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রীয় আয়োজনগুলোয় বক্তব্য দিতে দেখা যায়নি তাকে।
অন্তর্বর্তী সরকারের আঠারো মাসের শাসনের পর এই প্রথম তিনি সরকারি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখলেন বিএনপির নতুন সরকারের সময়ে।
শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পাট দিবস- ২০২৬’ উপলক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নয় দিন ব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন করেন রাষ্ট্রপতি।







