কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।
শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।
ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা করা হবে। ইরান-এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বিপদের কারণে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল হ্রাস পেয়েছে।
তিনি বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের।
ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যেকোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তবে আমরা ওই জাহাজে আক্রমণ করব।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।







