গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মাহবুব রহমান। এর আগে, মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি অ্যাগ্রোভেট কারখানায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাদের আটক করা হয়। পরে কারখানার মালিকের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তাররা হলেন— সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাঘাটার তেলিয়ান গ্রামের বিসিআইসির ডিলার শরিফুল ইসলাম মোল্লার মালিকানাধীন ‘মোল্লা অ্যাগ্রো ফার্ম’-এ মাছের প্রি-মিক্স খাদ্য উৎপাদন করা হয়। অভিযুক্তরা কারখানায় গিয়ে বিভিন্ন কাগজপত্র দেখতে চান এবং পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা বলেন, অভিযুক্তরা প্রথমে কারখানার ম্যানেজারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা কারখানায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলা চালান। পরে জাতীয় জরুরি সেবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যান।
তিনি আরও জানান, ঘটনার পর সাঘাটা থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
ওসি মাহবুব রহমান বলেন, দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের ভিত্তিতে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত করছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।







