ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, তারেক রহমান-কে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, তাকে ভালো কাজ থেকে বিরত রাখতে একটি মহল সক্রিয় রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত ‘হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করছে, যাতে করে তিনি কোনো ভালো কাজ করতে না পারেন।’
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। তার ভাষ্য, বাংলাদেশে ইসলামের ধারক-বাহক জিয়াউর রহমান সাহেব।
সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ লিখেছেন জিয়াউর রহমান। তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে সুসম্পর্ক করেছেন। এই সুসম্পর্ককে কন্টিনিউ (অব্যাহত রাখা) করেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন।
২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ), খেজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের পাঠিয়েছিলেন।’
তারেক রহমানকে নিয়ে বক্তব্যে তিনি আরো বলেন, ‘আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহপাক যেন তাকে (তারেক রহমান) হেফাজত করেন। কারণ তার (তারেক রহমান) বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করতেছে, যাতে করে তিনি কোনো ভালো কাজ না করতে পারেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের বর্তমান খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। তিনি বলেন, ‘এখানে যে সহিহ-শুদ্ধ তিলাওয়াত, তাজবিদসহ সুন্দর তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, এটার জন্য আমি খুব আনন্দিত।’







