বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাংবাদিক ও কর্মচারীদের ‘অনাস্থা’ জ্ঞাপনের পর অফিস থেকে বের হয়ে চলে গেছেন সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে বলে জানা যায়। বাসসের মোট ৯১ জন কর্মকর্তা কর্মচারী তার বিরুদ্ধে অনাস্থা এনেছে। পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসস সাংবাদিক, কর্মচারী ঐক্য পরিষদ জানায়, নির্বাচনের আগেই তারা সংগঠিত হয়। নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সেই সময়ে তারা কোনো ধরনের পদক্ষেপে যাননি। নির্বাচন শেষে আজ তারা মিটিং করে সিদ্ধান্ত নেন, মাহবুব মোর্শেদের অধীনে কেউ কাজ করবেন না। সবাই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। সেই সিদ্ধান্ত তাকে জানানো হয়। সরকারের কাছেও এই সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়। পরবর্তীতে মাহবুব মোর্শেদ অফিস থেকে বের হয়ে চলে যান। সেই সময় তাকে অফিসের গাড়ি নিতে দেওয়া হয়নি।
এদিকে ফেসবুকে এক পোস্টে মাহবুব মোর্শেদ লিখেছেন, ‘প্রিয় বিএনপি, আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন।
চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’







