রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর-১০ এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধনের মাধ্যমে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাসটির উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ বাস নিয়ে নানা ধরনের কটূক্তি ও সমালোচনা শুরু হয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি নজরে এলে বাস ক্যাম্পেইন টিমের অর্গানাইজার আব্দুর রহমান বলেন, এই বাসটি নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার করা হবে। এটি আমিরে জামায়াতের ব্যক্তিগত চলাচলের জন্য নয়। তিনি কেবল আনুষ্ঠানিকভাবে প্রচারণার অংশ হিসেবে বাসটির উদ্বোধন করেছেন।
তিনি আরও বলেন, নভেম্বর মাসেই আমরা এই বাসের পরিকল্পনা করেছি। তখন তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত ছিল। আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং কালার অনুযায়ীই এই বাস ডিজাইন করা হয়েছে। এখানে কপির কোনো বিষয় নেই।
আব্দুর রহমান দাবি করেন, নির্বাচনের শুরু থেকেই জামায়াত নির্দিষ্ট ব্র্যান্ডিং কালার ব্যবহার করে আসছে। তিনি বলেন, বরং যারা আমাদের বিরুদ্ধে কটূক্তি করছেন, তারা নিজেরাই আমাদের নির্বাচনি ব্র্যান্ডিং অনুকরণ করেছেন। নোংরামির জবাব আমরা তথ্য দিয়েই দেব।







