জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুল আউয়াল বলেছেন, জামায়াতে ইসলামী কখনো দুর্নীতি করে না এবং কাউকে দুর্নীতি করতে দেবে না। তিনি বলেন, আদর্শ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা চত্বর এলাকায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল আউয়াল বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো দল বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবেনি।
দেশের সম্পদ দুর্নীতি করে নিজেরাই সম্পদের পাহাড় গড়েছে। জামায়াতে ইসলামীর কোনো সদস্য কখনো দুর্নীতি করে না, আগামী দিনে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি করবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামী সর্বদাই অঙ্গীকারবদ্ধ। জামায়াতে ইসলামী দেশ পরিচালনায় দ্বায়িত্ব পেলে ন্যায়-নীতি ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা পরিচালিত করবে।
আব্দুল আওয়াল বলেন, জামায়াতে ইসলামী বিগত ১৭ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের সঙ্গে আরো কিছু রাজনৈতিক দল ছিল। ১৭ মাসেই তাদের কথাবার্তা এখন পরিবর্তন হয়ে গেছে। তারা সেই পতিত সরকারের মতোই কথা বার্তা বলছে।
ক্ষমতা আর রাজনীতির স্বার্থে তাদের এই কথাবার্তা। আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনা করার সুযোগ দিতে সবাইকে অনুরোধ জানান তিনি।







