- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে দলের একটি প্রতিনিধি দল।
- শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে হাতিয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় ব্যক্তিগত কারণে এডভোকেট শাহ মাহফুজুল হক নিজে উপস্থিত ছিলেন না।
- মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এডভোকেট শাহ মাহফুজুল হক এক প্রতিক্রিয়ায় বলেন,
- “জামায়াতে ইসলামী আমাকে কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে, দলের নির্দেশনার আলোকে আমি কাজ করছি। হাতিয়ার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটানোর লক্ষ্যেই আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহর ওপর ভরসা করে এবং জনগণের সমর্থন নিয়ে হাতিয়াকে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও উন্নয়নমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।”
- তিনি আরও বলেন,
- “হাতিয়ার মানুষ আজ ন্যায়বিচার, নিরাপত্তা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইনশাআল্লাহ নির্বাচিত হতে পারলে জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো এবং সংসদে তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করবো।”
- এ সময় মনোনয়ন ফরম সংগ্রহে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত, জাহাজমারা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট নোমান সিদ্দিকসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
- এ সময় হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার নুরউদ্দিন মেশকাত বলেন,
- “এডভোকেট শাহ মাহফুজুল হক একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। হাতিয়ার জনগণ তার প্রতি আস্থা রাখে। আমরা আশাবাদী, জনগণের রায়ে ইনশাআল্লাহ তিনি বিজয়ী হবেন।”
- তিনি আরও বলেন,
- “হাতিয়ার মানুষের অধিকার আদায় ও টেকসই উন্নয়নের জন্য জামায়াতে ইসলামী সবসময় সংগ্রাম করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
- মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।







