রাজশাহীর গোদাগাড়ীতে আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর স্থানীয় এক বিএনপি ও এক যুবদল নেতার মধ্যস্থতায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাকনহাট বাজারে এ ঘটনা ঘটে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তবে পুলিশের দাবি, ওই ব্যক্তিকে আটকই করা হয়নি। ফলে ছেড়ে দেওয়া প্রশ্নও আসে না। ওই ব্যক্তি অসুস্থতার কথা জানালে তাকে চিকিৎসকের কাছে রেখে এসেছিলেন টহল পুলিশের সদস্যরা। ওই ব্যক্তির নাম সারওয়ার মোর্শেদ রুবেল। তিনি কাকনহাট পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কাকনহাট পৌর এলাকার কাকনপাড়ার মো. মোহসীন আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কাকনহাট বাজারের একটি ওষুধের দোকান থেকে রুবেলকে পুলিশ ফাঁড়ির সদস্যরা আটক করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম প্রায় এক ঘণ্টা তার সঙ্গে কথা বলেন। একপর্যায়ে তাকে পুলিশের গাড়িতেও তোলা হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, খবর পেয়ে কাকনহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ ও পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশি ঘটনাস্থলে যান। তারা পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর রাত ৮টার দিকে রুবেলকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশ না করার শর্তে স্বেচ্ছাসেবক দলের এক নেতা অভিযোগ করেন, ‘রুবেল সম্পূর্ণ সুস্থ। বিএনপির কিছু সুবিধাবাদী নেতা মোটা অঙ্কের টাকার বিনিময়ে পুলিশের সঙ্গে সমঝোতা করে তাকে ছাড়িয়ে নিয়েছেন। রুবেলকে গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি তিনি তাকে ছাড়াতে যারা তৎপর ছিলেন, তাদের বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তিনি।’
এবিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘এ ঘটনা সম্পর্কে অবগত নই। আগে বিষয়টি জেনে নিই। এরপর বিস্তারিত জানাতে পারব।’







