দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম হয়েছেন কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও সাবেক ইউপি সদস্য নুরুল আমিন। তার মাথায় ধারালো অস্ত্রের কয়েকটি কোপ রয়েছে বলে জানান স্থানীয় বিএনপি নেতারা।
রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।
এর আগে রাত ৮টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকায় ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাছে এ হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে।
হামলার পর স্থানীয় লোকজন নুরুল আমিনকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা ও থাইংখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয়। হামলায় রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গাও অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
নুরুল আমিনের ভাই নুরুল আবছার মুন্নার দাবি, তার ভাই রোহিঙ্গা ক্যাম্পের একটি বাজার থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন। এ সময় তার কাছে ২০ লাখ টাকা ছিল। ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।
তিনি আরও অভিযোগ করে বলেন, কিছুদিন আগে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে একটি বৈঠক করা হয়েছিল। ওই বৈঠকে ইউনিয়নের একজন শীর্ষস্থানীয় ব্যক্তিও উপস্থিত ছিলেন।







