সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান সানা ওরফে শামীমকে পিটিয়ে হত্যার মামলায় আদালতে আত্মসমর্পণ করা যুবদল নেতা সাদিকুল ইসলাম ভদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সাতক্ষীরার আমলি তৃতীয় আদালত এ আদেশ দেন।
আদালতের বিচারক নুসরাত জাহান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আগামী ৮ নভেম্বর দুপুর ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ভদুকে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে।
সাদিকুল ইসলাম ভদু দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের শেখপাড়া এলাকার শওকত আলীর ছেলে। তিনি পারুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
মামলার তদন্ত কর্মকর্তা দেবহাটা থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন জানান, গত ২৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ভদু। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত চত্বরে সাংবাদিকদের কাছে ভদু দাবি করেন, মিছিলকারীদের সঙ্গে থাকলেও তিনি শামীমকে হত্যা করেননি। এ সময় তিনি যুবদলের নেতা বলেও স্বীকার করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গত ১২ অক্টোবর সন্ধ্যায় একদল লোক ওয়াহিদুজ্জামানের বাড়িতে হামলা চালায়। পরদিন ১৩ অক্টোবর সন্ধ্যায় কুলিয়ার ডা. এমএ সবুরের ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার ওপর হামলা হয়।







