ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে অনিয়ম, জালভোট, মারধর করে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
প্রথমে আজ শুক্রবার বিকেলে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে তা এক দিন পিছিয়ে আগামীকাল শনিবার করার কথা জানিয়েছেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দেলাওয়ার হোসেন। সেখানে নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন।
গতকাল রাত ১১টার দিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত কর্মী-সমর্থকদের দেখতে যান দেলাওয়ার হোসেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘ভোটে অনিয়ম, জালভোট ও কর্মী-সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছিল। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কোনো সভা-সমাবেশ করা যাবে না। তাই আচরণবিধির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারের কর্মসূচি পিছিয়ে শনিবার বিকেল সাড়ে চারটায় নির্ধারণ করা হয়েছে।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতির শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। আসনটির উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।







