স্বামীর জামিন করানোর কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

Post Image

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক নারীকে কুপ্রস্তাব দেওয়া, জোরপূর্বক শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) ফুলবাড়ীয়া থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের কর্মকার বাড়িতে এ ঘটনা ঘটে।

জাহানারা খাতুনের স্বামী দুলাল মিয়া বিদেশি মুদ্রা লেনদেনসংক্রান্ত একটি মামলায় কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ অনুযায়ী, দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে জাহানারা খাতুনের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল।

জাহানারার অভিযোগ, শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন। এ সময় তিনি বাধা দেন এবং নিজেকে রক্ষার চেষ্টা করেন। দীর্ঘদিন ধরে ওই নেতা তাকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছেন বলেও অভিযোগ করেন জাহানারা। তিনি অতীতে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

ভুক্তভোগীর পুত্রবধূ বলেন, তার শাশুড়ির সঙ্গে যুবদল নেতা হযরত আলী অনৈতিক আচরণের চেষ্টা করেছেন। মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। গত দুই দিন ধরে তার শাশুড়ি বাড়িতে নেই। তিনি থানায় অভিযোগ করেছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেন তিনি।

জাহানারা খাতুনের মা খাদিজা বলেন, তার মেয়ের সঙ্গে হযরত আলী জোরপূর্বক অনৈতিক কাজের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

এদিকে পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকার কয়েকজন বাসিন্দা হযরত আলীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, একজন নারী ভালো না মন্দ, সেটি আলাদা বিষয়। তার কাছে গিয়ে কেন জোরপূর্বক এমন আচরণের চেষ্টা করা হবে? তারা অভিযোগের সত্যতা তদন্ত করে দেখার এবং দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন, হযরত আলীর কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা রয়েছে।

এ বিষয়ে হযরত আলীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ বলেন, এ বিষয়ে জেলা নেতাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল তাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীয়া থানার ওসি রাশিদুল হাসান বলেন, রাতে থানায় নিয়মিত মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

সর্বাধিক পঠিত

হরিপুরে সাংবাদিক মিজানুর রহমান আটক, প্রেসক্লাবের নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি

হত্যাকাণ্ডের সাড়ে ১১ বছর পর কবর থেকে লাশ উত্তোলন জামায়াতকর্মীর

প্যারোলে এলেও মায়ের জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ নেতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘মুসলিমবিদ্বেষী’ বক্তব্যের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার অধীনস্ত দায়িত্ব বণ্টন, গেজেট জারি

সংসদে নামাজ নিয়ে জামায়াত এমপির বক্তব্য, ‘ধর্ম পালন ব্যক্তিগত স্বাধীনতা’ বললেন স্পিকার

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কারো হস্তক্ষেপ মানবে না চীন: রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যারা

খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

স্বামীর জামিন করানোর কথা বলে নারীকে ধর্ষণচেষ্টা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা