ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে পুকুরপাড়ে বিলবোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনপুরা উপজেলার ২ নম্বর হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তাদের মধ্যে উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, আমার সমর্থিত বিএনপির নেতাকর্মীরা পোস্টার লাগাতে গেলে সেলিম মোল্লার ছোট ভাইয়ের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়। এ নিয়ে পরে হাতাহাতির ঘটনা ঘটে।
অন্যদিকে সেলিম মোল্লা জানান, আমি ঘটনাস্থলে ছিলাম না। ফেসবুকের মাধ্যমে পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন।
এ বিষয়ে মনপুরা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
তিনি আরও বলেন, একজনের পোস্টার ছিঁড়ে অন্যজনের পোস্টার লাগানো আইনগত অপরাধ। বিরোধপূর্ণ স্থানে পোস্টার না লাগানোর জন্য উভয় পক্ষকে নিষেধ করা হয়েছে।







