স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচীর কথা জানান দলটির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘দেশের কোথাও মানুষের নিরাপত্তা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। তা বাদ দিয়ে- তিনি এখন সংবিধান সংশোধন কমিটি নিয়ে ব্যস্ত আছেন। কাজেই আমরা মনে করি তিনি আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে পারেন না। একই সঙ্গে জ্বালানি খাতে যে বিপর্যয় এসেছে জ্বালানি মন্ত্রী তিনি এর দায় এড়াতে পারেন না।’
নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলেই ক্ষমতা কুক্ষিগত করতে চায়।’
স্থানীয় সরকার নির্বাচনে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং হতে দেয়া হবে না জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘এ ধরনের পরিকল্পনা থাকলে বিএনপি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।’







