৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই কৃষক কার্ডে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কিনা।’ আজ মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালুর কাজ চলছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের অন্তত একটির জন্য সার, বীজ ও কীটনাশক সরবরাহের চেষ্টা করবে সরকার। এ ছাড়া কার্ডের মাধ্যমে ফসলের বিমা এবং সহজে ব্যাংকঋণ পাওয়ার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া সম্পর্কে তথ্য জানাসহ এতে প্রায় ১০ ধরনের সুবিধা থাকবে।
কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে এসে আপনি যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি, হবে না। তার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বীজ বপন করবেন নাকি সার দেবেন, কোন কাজটি আপনি করবেন আপনি জানতে পারবেন। এরকম ১০টি সুবিধা থাকবে কৃষক কার্ডে।’







