বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

Post Image

বাংলাদেশে ১৫ থেকে ২৪ বছর বয়সী উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ৩৬ শতাংশ বেকার। অর্থাৎ, শ্রমবাজারে থাকা উচ্চশিক্ষিত তরুণদের প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৬ জনেরই কোনো কাজ নেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সেপ্টেম্বর ২০২৬ সংখ্যার ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ ম্যাগাজিনে প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

‘গ্র্যাজুয়েটিং ইনটু আনসার্টেনটি’ শিরোনামের ওই প্রতিবেদনে এশিয়ার তরুণদের কর্মসংস্থান পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, এশিয়ার অনেক দেশেই তরুণদের মধ্যে বেকারত্ব তুলনামূলকভাবে বেশি। তবে সবচেয়ে বেশি শিক্ষিত তরুণদের মধ্যেই অনেক ক্ষেত্রে বেকারত্বের হার বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি আরও কঠিন।

আইএমএফের হিসাবে, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার প্রায় ৩৬ শতাংশ। শ্রীলঙ্কায় এ হার প্রায় ৪৩ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় এই হার বেশ বেশি। উদাহরণ হিসেবে থাইল্যান্ডে ১৫ থেকে ২৪ বছর বয়সী উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ১৩ দশমিক ২ শতাংশ।

বাংলাদেশের সামগ্রিক তরুণ বেকারত্বের হারও উচ্চশিক্ষিত তরুণদের তুলনায় অনেক কম। আইএমএফের ২০২৬ সালের বাংলাদেশবিষয়ক প্রতিবেদনে ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য বিশ্লেষণ করে বলা হয়েছে, ১৫ থেকে ২৪ বছর বয়সীদের সামগ্রিক বেকারত্বের হার ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। একই সময়ে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ছিল প্রায় ২৫ শতাংশ।

আইএমএফ বলছে, বাংলাদেশে শিক্ষার প্রসার যতটা হয়েছে, সে অনুপাতে উচ্চ উৎপাদনশীল খাতে কর্মসংস্থান তৈরি হয়নি। ফলে উচ্চশিক্ষিত তরুণদের সংখ্যা বাড়লেও তাদের জন্য উপযুক্ত চাকরির সুযোগ একই গতিতে বাড়েনি। শিক্ষা ও চাকরির বাজারের চাহিদার মধ্যে এই অসামঞ্জস্যই তরুণদের বেকারত্বের অন্যতম কারণ।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন বলেন, উচ্চশিক্ষিত তরুণেরা তাঁদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন। এ কারণে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষার সঙ্গে নিয়োগদাতাদের চাহিদার আরও কার্যকর সমন্বয় প্রয়োজন।

এদিকে তরুণদের কর্মসংস্থানে নতুন চাপ তৈরি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আইএমএফের বিশ্লেষণে বলা হয়েছে, এআই উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পারে। তবে প্রযুক্তি গ্রহণের গতি যদি কর্মীদের দক্ষতা বৃদ্ধির চেয়ে দ্রুত হয়, তাহলে তরুণদের শ্রমবাজারে চাপ আরও বাড়তে পারে।

প্রযুক্তির অগ্রগতিতে নতুন স্নাতকদের জন্য প্রচলিত কিছু প্রবেশধর্মী চাকরির ধরনও বদলে যাচ্ছে। ফলে এআইয়ের সম্ভাব্য সুবিধা কাজে লাগানোর পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও পুনর্দক্ষতায় বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছে আইএমএফ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষাকে শ্রমবাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এই বিভাগের আরও খবর

অর্থনীতি

News Image

বিএনপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
News Image

সাবেক সিইসি আউয়াল ৩ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ৩৬ শতাংশই বেকার: আইএমএফ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

চট্টগ্রাম বন্দরে ৩ কোটির মালামালসহ কনটেইনার গায়েব

দেশে মাথাপিছু ঋণ এখন ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে ১১%

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

বাধ্য হয়ে সরকার বেশি দামে জ্বালানি কিনছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী