বানভাসিদের ভরসা এখন ডিঙি নৌকা, ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১ সেন্টিমিটার

Post Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়িঘরের চারপাশে পানি ওঠায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত, গবাদিপশুর খাবার সংগ্রহ, বাজার-ঘাট করা কিংবা জরুরি প্রয়োজনে বাইরে যেতে-সব ক্ষেত্রেই এখন বানভাসি মানুষের প্রধান ভরসা হয়ে উঠেছে ডিঙি নৌকা।

স্থানীয়রা জানান, প্রতিবছর বর্ষা ও বন্যায় উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। পানি বাড়ার সঙ্গে সঙ্গে খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি বেড়েছে সাপের উপদ্রব। শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পানিবন্দি পরিবারগুলো। পানিবাহিত রোগের প্রকোপ দেখা দিলেও দুর্গত এলাকায় চিকিৎসাসেবা সীমিত থাকায় দুর্ভোগ আরও বেড়েছে। পানির কারণে শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতও বন্ধ রয়েছে।

চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকার বাসিন্দা রাব্জেল মোল্লা বলেন, ‘বাড়ির চারপাশে পানি ওঠায় গরুর খাবার আনা, বাজার করা এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাতায়াত—সবকিছুর জন্য ডিঙি নৌকা ছাড়া উপায় নেই। আগের নৌকাটি নষ্ট হয়ে যাওয়ায় এবার ২ হাজার ৫০০ টাকা দিয়ে নতুন একটি ডিঙি নৌকা কিনেছি। এখন যাতায়াতে এই নৌকাই আমাদের ভরসা।’

রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত এলাকার বাসিন্দা শহিদুল বলেন, ‘দুই মাস আগে ৩ হাজার ৭০০ টাকা দিয়ে তুলনামূলক ভালো মানের একটি ডিঙি নৌকা কিনেছি। চারদিকে পানি আর পানি। কাজকর্মও নেই। তাই এই নৌকা দিয়ে আশপাশে মাছ ধরে সময় কাটাচ্ছি।’

বন্যার পানি ওঠার আগেই দৌলতপুরের বিভিন্ন এলাকায় ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন কারিগররা। উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকার নৌকা তৈরির কারিগর জুয়েল বলেন, ‘বন্যার পানি ওঠার আগেই আমাদের ডিঙি নৌকা তৈরির কাজ শুরু করতে হয়। অনেকেই পানি ওঠার আগেই নৌকা কিনে রাখেন।’

রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোম এলাকার নৌকা তৈরির কারিগর আনারুল মিস্ত্রি ও শাহেদ মিস্ত্রি জানান, তারা বংশপরম্পরায় ডিঙি নৌকা তৈরি করে আসছেন। আকার ও মানভেদে প্রতিটি ডিঙি নৌকা ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। পানি ওঠার আগে চাহিদা বেশি থাকলেও বর্তমানে চাহিদা কিছুটা কমেছে।

কারিগররা জানান, ডিঙি নৌকার পাশাপাশি জেলেদের মাছ ধরার নৌকা এবং ছোট আকারের বিভিন্ন নৌকাও তৈরি করেন তারা।

পানি কিছুটা স্থিতিশীল থাকলেও বন্যাদুর্গত এলাকায় কৃষির ক্ষতি বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে ইতোমধ্যে ৪৭০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে মরিচ ও কলাচাষিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। পানি দীর্ঘস্থায়ী হলে কৃষির ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ জানান, পানি ওঠায় দুই ইউনিয়নের চরাঞ্চলের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে দাপ্তরিক ও প্রশাসনিক কার্যক্রম চালু রয়েছে।

স্থানীয়দের দাবি, দুই ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি দুটি মাদ্রাসাসহ মোট ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৬ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

এর আগের দিন শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ মিটার। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ১ সেন্টিমিটার।

বন্যাদুর্গত মানুষের জন্য জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের চাল ১০ কেজি করে ১ হাজার ৮০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া ২ লাখ টাকার শুকনা খাবার আরও ২৫০টি পরিবারকে দেওয়া হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

তিনি বলেন, ‘সোম ও মঙ্গলবার থেকে আমরা বন্যাদুর্গত মানুষের মধ্যে সহায়তা কার্যক্রম শুরু করব। প্রথম দিন চিলমারী ইউনিয়নে এবং মঙ্গলবার রামকৃষ্ণপুর ইউনিয়নে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া হবে।’

পানির পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও দীর্ঘস্থায়ী প্লাবনে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থায় সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও গোখাদ্য সরবরাহ নিশ্চিত করা না গেলে দুর্ভোগ আরও তীব্র হবে। আপাতত পানিবন্দি মানুষের চলাচলের প্রধান অবলম্বন হয়ে আছে সেই ছোট্ট ডিঙি নৌকাই।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কয়লাভিত্তিক কেন্দ্রে বকেয়া ৪৬৫১ কোটি টাকা

বানভাসিদের ভরসা এখন ডিঙি নৌকা, ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১ সেন্টিমিটার

অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর, ঘুষখোরি-লুটপাট করে: স্পিকার

চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ গেল ৫২ জনের

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

উত্তরখানে গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতা গ্রেপ্তার

ভারত থেকে ইলিশ আমদানি করছে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

গণভোট নিয়ে সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে সিদ্ধান্ত: সিইসি

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ভবিষ্যৎ ভোটের মানদণ্ড:মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

অনুমোদন ছাড়া স্লিপার বাস সড়কে চলবে না: হাইকোর্ট