ইরানের পেট্রোকেমিক্যাল বাণিজ্যে সহায়তার অভিযোগে ভারতভিত্তিক একটি কাস্টমস ব্রোকারেজ প্রতিষ্ঠান ও এর দুই ভারতীয় অংশীদারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানটি হলো পোর্টিজ পার্টনার্স এলএলপি (Portease Partners LLP)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করে ভারতে একাধিক চালান প্রবেশে ভূমিকা রেখেছে।
পোর্টিজ পার্টনার্সের সঙ্গে সংশ্লিষ্ট দুই ভারতীয় নাগরিক হলেন ইন্দ্রিসমিয়া আশারাফমিয়া শেখ (Indrismiya Asharafmiya Sheikh) ও হরিশ রামচন্দ্র রাঙ্গি (Harish Ramchandra Rangi)। তারা প্রতিষ্ঠানটির মনোনীত অংশীদার হিসেবে কাজ করছিলেন। ইন্দ্রিসমিয়া ও হরিশকে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সমপর্যায়ের দায়িত্ব পালনকারী ব্যক্তি হিসেবে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ২০১৮ সালের ৫ নভেম্বর বা তার পর থেকে ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য কেনা, সংগ্রহ, বিক্রি, পরিবহন বা বিপণনে উল্লেখযোগ্য লেনদেনে জেনেশুনে জড়িত থাকার অভিযোগে পোর্টিজ পার্টনার্সকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এ ছাড়া ইরানি পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে আরও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ভারতভিত্তিক সদাশিবা ওভারসিজ লিমিটেড ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ৬ কোটি ৯০ লাখ ডলারের ইরানি উৎসের পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।
ভারতভিত্তিক পিপি সফটটেক প্রাইভেট লিমিটেড প্রায় ২ কোটি ৫০ লাখ ডলারের ইরানি উৎসের পেট্রোলিয়াম পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিল। প্রতিষ্ঠানটির পরিচালক ভারতীয় নাগরিক প্রশান্ত গর্গকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।







