২০২৬ নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (১৬ আগস্ট) ঘোষিত দুই দলেই অধিনায়ক হিসেবে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ফাতিমা সানা।
দ্য হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না ফাতিমা। তবে এবার দুই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেই নেতৃত্ব দেবেন তিনি।
আট দলের ডিপি ওয়ার্ল্ড নারী এশিয়া কাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তান রয়েছে গ্রুপ ‘এ’-তে। তাদের সঙ্গে আছে ভারত, থাইল্যান্ড ও হংকং চীন। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।
পাকিস্তানের ম্যাচগুলো:
১ সেপ্টেম্বর — থাইল্যান্ডের বিপক্ষে
৫ সেপ্টেম্বর — ভারতের বিপক্ষে
৭ সেপ্টেম্বর — হংকং চীনের বিপক্ষে
সেমিফাইনাল হবে ১০ ও ১১ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৩ সেপ্টেম্বর।
এশিয়ান গেমসে পাকিস্তানের সূচি
২০তম এশিয়ান গেমসের নারী ক্রিকেটে পাকিস্তান ও থাইল্যান্ডকে একই সিডিংয়ে রাখা হয়েছে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। অন্য কোয়ার্টার ফাইনালে ভারত খেলবে জাপানের বিপক্ষে, বাংলাদেশ মুখোমুখি হবে চীনের এবং শ্রীলঙ্কা খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। সব ম্যাচ অনুষ্ঠিত হবে আইচির কোরোগি অ্যাথলেটিক পার্কে।
সেমিফাইনালে উঠতে পারলে ২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কা অথবা মালয়েশিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ ও সোনার পদকের ম্যাচ। নারী ক্রিকেটে পাকিস্তান ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিল। তবে সর্বশেষ ২০২২ আসরে তারা চতুর্থ হয়েছিল।
দুই স্কোয়াডেই যারা আছেন
ফাতিমা সানা, মুনিবা আলী সিদ্দিকী, শাওয়াল জুলফিকার, আয়েশা জাফর, গুল ফেরোজা, সাইরা জাবিন, আইমান ফাতিমা, ইমান নাসির, উম্মে-হানি, তুবা হাসান, নাশরা সান্ধু ও মোমিনা রিয়াসাত।
এশিয়া কাপের দলে রয়েছেন নাজিহা আলভি, ওয়াহিদা আখতার ও সাদিয়া ইকবাল। অন্যদিকে এশিয়ান গেমসের দলে যুক্ত হয়েছেন আলিয়া রিয়াজ, তাসমিয়া রুবাব ও হুমনা বিলাল।







