যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে আলোচনা চললেও সেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ১৪ জুলাই থেকে ইরানকে ঘিরে সামুদ্রিক বিধিনিষেধ পুনর্বহালের পর এখন পর্যন্ত ৫৩টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এ সময় দুটি জাহাজও অচল করা হয়েছে। খবর শাফাক নিউজের।
শনিবার সেন্টকম জানায়, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে এসব জাহাজকে বিকল্প পথে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে আলোচনা চললেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখবে ওয়াশিংটন। তিনি বলেন, তেহরান প্রণালির মধ্য দিয়ে যতটা সম্ভব বেশি পরিমাণে তেল পরিবহনের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ইরানকে বিশ্বাস করে না।
অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের প্রতি নীতি পরিবর্তন না করলে হরমুজ প্রণালি পুনরায় খুলবে না।
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে ‘অন্যায্য’ নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ দেওয়া, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ ছেড়ে দেওয়া, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ প্রত্যাহার এবং ইরানের আশপাশের এলাকা থেকে মার্কিন নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার।







