কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেছেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা করা মোবাইল অপারেটরগুলোর দায়িত্ব। ব্যবসার পাশাপাশি জনসাধারণের সন্তুষ্টির বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন আয়োজিত ‘ডিজিটাল ইনক্লুশন ফর মার্জিনালাইজড কমিউনিটিস’র দ্বিতীয় পর্যায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে নেটওয়ার্কের আওতায় এনে ‘কাউকে পেছনে রেখে নয়’ নীতিতে টেলিযোগাযোগ খাতের উন্নয়ন করছে সরকার। তবে এখনও গ্রাহকদের সবচেয়ে বড় দুটি অভিযোগ হলো কল ড্রপ এবং ডেটা প্যাকেজের উচ্চ মূল্য।
তিনি বলেন, “আমাকে প্রায় প্রতিদিনই দুটি বিষয় নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়-একটি কল ড্রপ, অন্যটি ডেটা প্যাকেজ। এ নিয়ে গ্রাহকদের ব্যাপক অভিযোগ রয়েছে। ব্যবসার পাশাপাশি জনগণের দাবি ও সন্তুষ্টির বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। এতে অপারেটর ও গ্রাহক-উভয়ের জন্যই উইন-উইন পরিস্থিতি তৈরি হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।







