ব্রাজিলের ফুটবল দলের জয় উদযাপন করতে গিয়ে থ্রি-পিস পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় দলীয় পদ হারিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের বিএনপির এক নেতা।
আজ রোববার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত দলীয় প্যাডে বহিষ্কারের আদেশ জারি করা হয়। বহিষ্কৃত নেতা খন্দকার আমিনুল ইসলাম মিন্টু মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রাজিলের একটি ফুটবল ম্যাচে জয় উদযাপন উপলক্ষে খন্দকার আমিনুল ইসলাম মিন্টু থ্রি-পিস পরে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি উপজেলা বিএনপির নেতাদের নজরে আসে।
এর পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ওয়ার্ড বিএনপির সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপের কারণে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতি পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. হারুন অর রশিদ।







