পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ইউনিয়ন ছাত্রদলের এক সাধারণ সম্পাদকসহ চারজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ও কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া । তিনি মালেক ভূঁইয়ার ছেলে। সূর্যমনি ইউনিয়নের বারেক জোমাদ্দারের ছেলে সেফাতুল জোমাদ্দার।কনকদিয়া ইউনিয়নের আয়লা যৌতা এলাকার আবুল প্যাদার ছেলে সাইফুল ইসলাম। কনকদিয়া ইউনিয়নের হোগলা এলাকার মান্নান হাওলাদারের ছেলে ইরান হাওলাদার ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান ও এসআই সম্ভিতের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।







