স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেয়া হয়নি।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সীমান্তে কাউকে এনে পুশ-ইন করিয়ে দেয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশকে জানাতে পারে। এরপর বাংলাদেশ সরকার নিয়মতান্ত্রিকভাবে তাদের জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনবে।
তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাক করার যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা বা দালিলিক তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা সফলভাবে প্রতিহত করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু তৎপরতা রাজনৈতিক এজেন্ডার অংশ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।







