যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তির বাস্তবায়ন নিয়ে ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র পিছপা হবে না। একই সঙ্গে ইরানের জন্য অবমুক্ত করা অর্থ কীভাবে ব্যয় করা হবে, সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (২২ জুন) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরান যদি চুক্তি অনুযায়ী না চলে, অথবা তারা যদি ঠিকঠাক আচরণ না করে, তাহলে যা করার প্রয়োজন হবে আমি তাই করব।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন চুক্তিতে সই করেন। এর আগে তিন মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় কয়েকটি দেশে হামলা চালায়।
সোমবার ট্রাম্প আরও বলেন, ইরানের যেসব অর্থের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, সেগুলো কেবল যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার জন্য ব্যবহার করার কথা ছিল।
তিনি বলেন, ‘ওই অর্থ শেষ পর্যন্ত খাদ্য কেনার মাধ্যমেই আবার ফিরে আসবে। তাদের খাদ্যের খুব প্রয়োজন। দেশটিতে ৯ কোটি ১০ লাখ মানুষ রয়েছে, কিন্তু তারা নিজেদের জনগণকে খাওয়াতে পারছে না। ফলে আমরা যে অর্থ ছাড় করছি, তা শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই ফিরে যাবে।’
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইরান যুদ্ধের প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।







