দীর্ঘ আলোচনার পর যুদ্ধ বন্ধ এবং স্থায়ীভাবে বৈরিতা অবসানের শান্তিচুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তির আওতায় ইরানের অবরুদ্ধ সম্পদ থেকে ১২ বিলিয়ন ডলার ছাড়বে মার্কিন যুক্তরাষ্ট্র।
দুই দেশের মধ্যকার ১৪ দফা সমঝোতা স্মারকের বরাত দিয়ে ইরানের মেহর নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হওয়ার পর শুরু হতে যাওয়া ‘৬০ দিনের আলোচনা চলাকালীন ইরানের অবরুদ্ধ সম্পদ বা প্রায় ২৪ বিলিয়ন ডলার ছেড়ে দেয়া হবে’। ১৪ দফা সমঝোতা স্মারকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, ‘আলোচনা শুরু হওয়ার আগেই এই তহবিলের অর্ধেক পরিমাণ অর্থ ইরানকে প্রদান করতে হবে।’
এর আগে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিতে পৌঁছানোর খবর জানান শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি জানানো হয়েছে।
চুক্তির বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন। আমি হরমুজ প্রণালিকে সম্পূর্ণভাবে টোলমুক্তভাবে চলাচলের জন্য উন্মুক্ত করার অনুমতি দিচ্ছি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপিত অবরোধও অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিচ্ছি।’
ট্রাম্প লিখেছেন, ‘বিশ্বের জাহাজগুলো, তোমাদের ইঞ্জিন চালু করো। তেলের প্রবাহ চলুক।’
পরে ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তির বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র: টাইমস অব ইসরায়েল







