বগুড়া শহরের ওপর দিয়ে যাবে ট্রেন, একনেকে যাচ্ছে প্রকল্প

Post Image

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত সাড়ে ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্প আগামী সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। একই সঙ্গে বগুড়ার কেন্দ্রীয় বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পূর্ণাঙ্গ নির্মাণকাজ সম্পন্ন করতে প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ প্রকল্পের দরপত্র (টেন্ডার) আহ্বান করা হবে।

শুক্রবার (১২ জুন) সকালে বগুড়া প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।

সভায় বগুড়ার উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও বিশেষ উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বগুড়ার মতো সারা দেশেই সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হতে যাওয়া সিরাজগঞ্জ-বগুড়া ডুয়েলগেজ রেলপথ প্রকল্পটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রকল্পের ভূমি অধিগ্রহণের জন্য ইতোমধ্যে সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ২ হাজার ২০০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে এবং অধিগ্রহণ কার্যক্রম প্রায় শেষ।

তিনি আরও বলেন, দাতা সংস্থার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে রেলপথ নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

শহরের যানজট ও জনভোগান্তি কমাতে নতুন একটি সম্ভাব্যতা যাচাই কার্যক্রম চলছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পরিকল্পনা রয়েছে, রানীরহাট থেকে বগুড়া শহরে যে রেল সংযোগ আসবে, সেখান থেকে ঢাকা মেট্রোরেলের আদলে উড়াল রেললাইন বা পিলারের মাধ্যমে শহরের ওপর দিয়ে ট্রেন চালিয়ে গাবতলী পর্যন্ত নিয়ে যাওয়া হবে। এতে রেলস্টেশনটি মেট্রোরেলের মতো দোতলা হবে, শহরে কোনো রেলগেট থাকবে না এবং নিচের অংশ সড়ক হিসেবে সিটি করপোরেশন ব্যবহার করতে পারবে।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়ন ও পূর্ণাঙ্গ নির্মাণকাজের জন্য প্রায় ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুতই ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ শুরু হবে।

এ ছাড়া শহরের সৌন্দর্যবর্ধন ও বিভিন্ন চত্বর সংস্কারের কাজ নবগঠিত সিটি করপোরেশনের অধীনে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, এই মুহূর্তে রাস্তাঘাট ভাঙচুর না করে বিদ্যমান অবকাঠামো ঠিক রেখেই পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং চলাচলের পথ আরও সুন্দর করার কাজ চলছে।

বগুড়ার তরুণ সমাজের মাদকাসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরির সুযোগ সীমিত থাকায় অনেক তরুণ হতাশায় ভুগছে এবং কেউ কেউ মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

তিনি জানান, বর্তমানে সরকারি বিভিন্ন দপ্তরে প্রায় ৫ লাখ শূন্যপদ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সিটি করপোরেশনের প্রশাসক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত বগুড়ার কৃতী সন্তানদের সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন তিনি।

মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, আমি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। বগুড়ার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে দ্রুত বিশেষ অভিযান শুরু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হবে।


বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে এটিকে পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।


তিনি বলেন, নতুন নামকরণের মাধ্যমে এটি বগুড়া বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় সংসদে পাস করা হবে।


প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে বগুড়ায় আলাদা কৃষি, প্রকৌশল বা চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন হবে না। একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সাধারণ, প্রকৌশল, কৃষি ও চিকিৎসা অনুষদ থাকবে। এখানে পিএইচডি গবেষণা এবং দেশি-বিদেশি গবেষকদের জন্য বিশেষ গবেষণার সুযোগ সৃষ্টি করা হবে।


তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে আইনটির খসড়া চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সপ্তাহে এটি মন্ত্রিপরিষদে উপস্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়টি শহরের কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে স্থাপন করার পরিকল্পনা রয়েছে।


প্রতিমন্ত্রী আরও বলেন, বগুড়া বিমানবন্দরকে শুধু অভ্যন্তরীণ নয়, আধুনিক ও বহুমুখী আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া গাবতলীতে একটি চার লেনের বাইপাস সড়ক নির্মাণ, চারমাথা থেকে নওগাঁ পর্যন্ত সড়ক ছয় লেনে উন্নীতকরণ এবং মোকামতলা থেকে জয়পুরহাটের হিলি পর্যন্ত সড়ক সার্ভিস লেনসহ চার লেনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে।


মতবিনিময় সভায় বগুড়া প্রেস ক্লাবের অভ্যন্তরীণ ডেকোরেশন, রাস্তা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) এবং সার্বিক সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এ কাজ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।


বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কালাম আজাদ। সাংবাদিক ইউনিয়নের সভাপতি গণেশ দাশসহ স্থানীয় সাংবাদিকরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর, দর্শনার্থীদের ভিড়

সেদিন ছিল স্বপ্নের স্বপ্নপূরণ কতদূর

চুয়েটের শহীদ আবু সাঈদ হল ক্যান্টিনে তালা

পঞ্চম লড়াইয়ে সরকার পতন

দুই বছর পরও শহীদ পরিবারে হাহাকার

পিছিয়ে থেকেও মেসির জোড়া গোলে মায়ামির অবিশ্বাস্য প্রত্যাবর্তন

হরমুজ প্রণালীতে জাহাজের রুট নিয়ে একমত ইরান ও ওমান

দিল্লিতে শেখ হাসিনাকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ায় ঢাকার ক্ষোভ

সর্বাধিক পঠিত

ভোট দিতে ঢাকা ছাড়ছেন মানুষ, চাপ বাড়ছে মহাসড়কে

১৩ নভেম্বর ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ৫০ থানার পুলিশ

৪ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের উপশাখায় আমানত প্রায় ১২ হাজার কোটি টাকা

শতাধিক গুম–খুনের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরু

‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন—মন ঠিক করে আসুন

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ